২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশসেরা ১২ মেধাবী পাবে জাতীয় পুরস্কার

দেশের সেরা ১২ মেধাবী শিক্ষার্থীকে জাতীয়ভাবে পুরস্কৃত করছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 06:30 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে নগদ এক লাখ টাকাসহ সনদ তুলে দেবেন।

শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমবারের মত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় মাধ্যমে জাতীয়ভাবে সেরা ১২ মেধাবী শিক্ষার্থীকে নির্বাচিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এবার ভাষা ও সাহিত্য বিষয়ে পুরস্কার পাচ্ছেন ঢাকার ওয়াই ডব্লিউ সি এ গার্লস স্কুলের শিক্ষার্থী হুমায়রা আদিবা, রাজশাহীর সরকারি পি এন বালিকা উচ্চ বিদ্যালয়ের আনিকা বুশরা লয় এবং সুনামগঞ্জ সরকারি কলেজের মধুরিমা সাহা।

বিজ্ঞান বিষয়ে পুরস্কার পাচ্ছেন, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বুশরা আদিব, সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সুপান্থ জয় ও চট্টগ্রাম কলেজের মোহাম্মদ আজমাঈন ইকতিদার।

গণিত ও কম্পিউটার বিষয়ে পুরস্কার পাচ্ছেন, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের তাহ্নিক নূর সামীন, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভুবন দে ও সিলেট সরকারি এম সি কলেজের আজওয়াদ আনজুম ইসলাম।

এছাড়া বাংলাদেশ স্টাডিজ বিষয়ে পুরস্কার পাচ্ছেন, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফিয়া আনজুম জামান জেবা, রাজশাহীর সরকারি পি এন বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসাররত মেহ্জাবীন ও বরগুনার আমতলী ডিগ্রী কলেজের আ. বাছিত মোল্লা।

মাঠ পর্যায় থেকে উঠে আসা ৯৬ জন প্রতিযোগীর মধ্যে গত ১৩ এপ্রিল ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশসেরা এই ১২ জন মেধাবী বিজয়ী হয়েছেন।

ষষ্ঠ-অষ্টম, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিনটি গ্রুপ ভাগ করে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান-গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ে এই প্রতিযোগিতা হয়।

গত ১৩ মার্চ শুরু হয় এই প্রতিযোগিতা। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে পেরিয়ে প্রতিযোগীরা অংশ নেন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায়।

এক লাখের মত শিক্ষার্থী অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে সাত হাজার সেরা মেধাবীকে সনদ ও পুরস্কার দেয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।