রুয়েটে ক্লাস-পরীক্ষা হতে দেয়নি শিবির
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্লাস ও পরীক্ষা হতে দেয়নি ছাত্র শিবির।
সোমবার রুয়েটের বেশ কয়েকটি বিভাগে এ ঘটনা ঘটে। এর আগে রোববার শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়া ও ক্লাস করলে হত্যার হুমকি দেয় তারা।
শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের বেঁধে রেখে বেশ কয়েকটি ভবনের তালা সুপার-গ্লু দিয়ে আটকে দিলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মর্ত্তুজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা ক্লাসে আসলে হরতালের দিনেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার ভোরে কয়েকজন ছাত্র এসে কয়েকটি তালা নষ্ট করে দিয়েছে। ফলে তালা খুলতে না পারায় আজ [সোমবার] ক্লাশ হয়নি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য গ্রহণ করব।
হুমকি পাওয়া শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত শনিবার এক নোটিশে হরতালের দিনও ক্লাস ও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।
সোমবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে শিবিরের ডাকা হরতাল চলাকালে তারা রুয়েটের অন্তত ২০-২৫ জন শিক্ষার্থীকে মোবাইল ফোনে হুমকি দেয়। শিবিরের কয়েকজন নেতার পরিচয়ে এই হুমকি দেওয়া হয়।
তবে রুয়েটের এক শিবির নেতা নাম না প্রকাশের শর্তে জানান, তারা ‘নিরাপত্তার’ জন্যই শিক্ষার্থীদের ক্লাসে আসতে নিষেধ করেছেন।
অবশ্য শিক্ষার্থীরা বলছেন, ‘তোরা যদি আমাদের হরতালের সময় ক্লাস কিংবা পরীক্ষা দিতে যাস .. তাহলে এর পরিণাম ভালো হবে না। বেশি বাড়াবাড়ি করলে পরকালে পাঠিয়ে দিব’- তারা মোবাইল ফোনে এই বার্তা পান।
রুয়েট ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিচার দাবি করছি।”
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার ঘোষ বলেন, “আমরা বিষয়টি শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে তা খতিয়ে দেখা হবে।”
