দিনাজপুরে ‘পাল আমলের’ স্থাপত্যের সন্ধান
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পাল আমলের স্থাপত্যের নিদর্শন পাওয়ার কথা জানিয়েছেন একদল গবেষক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক দলটি পালশা ইউনিয়নে এ নিদর্শন খুঁজে পায়।
প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক স্বাধীন সেনের পরিচালনায় সহকারী অধ্যাপক সাবিকুন নাহার সিথি, পিএইচডি গবেষক সাইফুর রহমান, আহমেদ শরীফ ও আবির বিন কায়সারসহ আটজন শিক্ষার্থী খননের কাজ করছেন।
অধ্যাপক স্বাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পালশা ইউনিয়নের বেলওয়া মৌজার পাঁনুর ঢিবি খনন করে পাল আমলের এই মন্দিরের সন্ধান পাওয়া গেছে।”
তবে মন্দিরটি হিন্দু না বৌদ্ধ মন্দির তা খনন কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে এ এলাকায় (বেলওয়া) পরিখাবেষ্টিত একটি বসতি ছিল, বলেন অধ্যাপক স্বাধীন।
তিনি আরো বলেন, একই ইউনিয়নের গোপালপুর ঈদগাহর পাশে মটির নিচে একটি ইটের তৈরি স্থাপত্যেরও সন্ধান পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে অধ্যাপক সৈয়দ কামরুল আহছানের তত্ত্বাবধানে খনন কাজটি চলছে।
