সিলেটে হকার-ব্যবসায়ী সংঘর্ষে আহত ১০
সিলেটের বন্দরবাজারে হকার-ব্যবসায়ী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
শনিবার রাতে বন্দরবাজারের এক হকারের সঙ্গে পাশের মধুবন সুপার মার্কেটের এক ব্যবসায়ীর কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি গেঞ্জির দরদাম নিয়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হকাররা মধুবন সুপার মার্কের এক ব্যবসায়ীকে মারধর করলে ব্যবসায়ীরাও পাল্টা হামলা চালায়।
প্রায় আধঘণ্টা ধরে ওই সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। এদের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান থানার ওসি আতাউর রহমান।
