এবার পা কেটে ফেলতে হল
রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের রগ কেটে দেয়া পা কেটে ফেলতে হয়েছে।
শনিবার ঢাকার পঙ্গু হাসপাতালে তার বাম পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিয়েছেন চিকিৎসকরা।
১৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার সময় বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশে সমশেরের মোড়ে একদল যুবক তাকে প্রথমে কুপিয়ে জখম করে এবং বাম পায়ের রগ কেটে দেয়।
ছাত্রলীগ এ হামলার জন্য ছাত্রদল ও শিবিরকে দায়ী করলেও ছাত্রদল তা অস্বীকার করেছে। ইসলামী ছাত্র শিবিরের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
হাবিবুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
হাবিবুরের বাবা শাহার আলী বলেন, চিকিৎসকরা তাকে জানান হাবিবের বাম পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ না দিলে তা থেকে কিডনী ও হৃদযন্ত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু অভিযোগ করেন, ছাত্রশিবির ও ছাত্রদল যৌথভাবে হামলা চালিয়ে হাবিবকে কুপিয়ে জখম করে এবং পায়ের রগ কেটে দেয়।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরাফাত রেজা আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রগ কাটা তাদের স্বভাব নয়। যারা রগ কাটে তারাই এ ঘটনা ঘটিয়েছে।
