২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয়বাংলার উৎস নজরুলসাহিত্য’

বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির দাবিতে কোটি মানুষের কণ্ঠে উচ্চারিত ‘জয়বাংলা’ স্লোগানটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা থেকে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 11:26 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

তিনি বলেন, “আপনারা অনেকে হয়তো জানেন না ‘জয়বাংলা’ শব্দটিও নজরুলের কবিতা থেকে নেয়া হয়েছিল, যা বঙ্গবন্ধুর আত্মজীবনীতে রয়েছে।

শনিবার কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট ভবনের উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর কবিকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদা দেন বঙ্গবন্ধু। কবি আরো কিছুদিন বেঁচে থাকলে বাংলা সাহিত্য আরো ‘সমৃদ্ধ ও ঐশ্বর্য্যমণ্ডিত’ হতে পারতো।

নজরুলের সঙ্গে বাঙালির জীবনাচরণের সম্পর্কের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমাদের জীবনের প্রতিটি স্তরে আমরা নজরুলকে খুঁজে পাই। তিনি আমাদের জীবনাচরণের প্রতিটি স্তরে ওতপ্রোতভাবে জড়িত।”

তিনি বলেন, কবি নজরুল ছিলেন প্রেমের কবি, সাম্যের কবি ও মানবতার কবি। তার কবিতায় কৃষকের কথা, শ্রমিকের কথা, দ্রোহের কথা ও নারী অধিকারের কথা উঠে এসেছে।

অসাম্প্রদায়িক চেতনার উন্মেষে কবির অবদান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “তিনি ইসলাম ধর্মকে হামদ-নাত, গজল লিখে এমনভাবে তুলে ধরেছেন যা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে, আবার শ্যামা সঙ্গীত লিখে অসাম্প্রদায়িক চেতনারও উন্মেষ ঘটিয়েছেন।

এক পর্যায়ে রসিকতা করে কুমিল্লাবাসীর উদ্দেশে তিনি বলেন, “কুমিল্লা কবি নজরুলের শ্বশুরবাড়ি। জামাইয়ের যাতে অমর্যাদা না হয় সেদিকে কুমিল্লাবাসীকে খেয়াল রাখতে হবে।”

সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক, সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম, সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস, কবির নাতনী খিলখিল কাজী, ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার ও জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বক্তব্য দেন।

অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন লিনা তাপসী খান, খায়রুল আনাম শাকিল ও স্থানীয় শিল্পীরা। সীমা ইসলাম কবির কবিতা থেকে আবৃত্তি করে শোনান।

এর আগে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে কূপ খননের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক জনসভায়ও অংশ নেবেন তিনি।

হেলিকপ্টারে করে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শ্রীকাইল গ্যাসক্ষেত্র এলাকায় পৌঁছান। এরপর ১০টার দিকে কূপ খনন ও দেড় কিলোমিটার আন্তঃসংযোগ পাইপলাইনে গ্যাস সঞ্চালনের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের গ্যাস আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহার করা হবে।

“দেশের ক্ষতি হয় এমন কিছু আমি করতে পারি না, কারণ আমি জাতির জনকের মেয়ে।”

২০০১ সালে গ্যাস নিয়ে ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় এসেছিল অভিযোগ করে তিনি বলেন, তারা (বিএনপি) বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিদেশে গ্যাস বিক্রি করে দেবে।

“আল্লাহ আমাদের দিকে ফিরে তাকিয়েছে, তাই আমাদের আমলে প্রচুর গ্যাস আমরা পেয়েছি।”

স্থানীয়রা এ সময় মুরাদনগরের বাঙ্গরায় একটি থানা প্রতিষ্ঠার দাবি জানালে তিনি তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবেচনা করে দেখতে বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহীসহ স্থানীয় সংসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট ভবন ও কুমিল্লা শিল্পকলা একাডেমী ভবন ছাড়াও জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

এসব প্রকল্পের মধ্যে কুমিল্লা শহরের ধর্মপুরে ১০০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন চারটি ও চৌদ্দগ্রামে ১টি খাদ্য গুদাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, তিতাস উপজেলার ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুতকেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ব্রাহ্মণপাড়া উপজেলা হাসপাতাল ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ, ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম তোরণ, ফেঞ্চুগঞ্জ-বিবিয়ানা-কুমিল্লা (উঃ) ২৩০ কেভি সঞ্চালন লাইন, চান্দিনা-ইলিয়টগঞ্জ-কৃষ্ণপুর সড়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হলের নির্মাণ কাজ রয়েছে।

বিকালে টাউন হল মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার করা রয়েছে প্রধানমন্ত্রীর।