২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক স্বাস্থ্য সেবায় জাতিসংঘের সহায়তা চান পুতুল

বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের সেবা ও শিক্ষায় নিয়োজিতদের উন্তত প্রশিক্ষণ ও সহায়তায় এগিয়ে আসার জন্য জাতিসংঘের একজন দূতকে অনুরোধ করেছেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শিক্ষা বিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউনের সঙ্গে সাক্ষাতে তিনি এই অনুরোধ জানান।

জাতিসংঘের সবার জন্য শিক্ষা বিষয়ক কার্যক্রমে অটিজমসহ বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত শিশুদের শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার উপর গুরুত্বারোপ করে পুতুল বলেন, “সমাজের সব ধরনের মানুষের শিক্ষা নিশ্চিত করার দিকে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।”

যুক্তরাষ্ট্রের সনদধারী মনোস্তত্ত্ববিদ পুতুল বলেন, “সাধারণ শিক্ষা ব্যবস্থায় সামান্য পরিবর্তন এনে এসব মানসিক সমস্যায় আক্রান্ত শিশুদের ৮০ শতাংশকে নিয়মিত পাঠকক্ষে অন্তর্ভুক্ত করা যায়। আর ৬০ শতাংশের জন্য কোনো পরিবর্তনেরই প্রয়োজন পড়ে না।”

এ প্রস্তাবকে ব্রাউন খুবই ‘গুরুত্বের’ সঙ্গে নিয়েছেন বলে তিনি জানান।

বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন পুতুল অটিজমসহ বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত শিশুদের কল্যাণে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপগুলো গর্ডন ব্রাউনের কাছে তুলে ধরেন।

“এখন দাতা সংস্থাগুলোর ওই সব উদ্যোগে সহায়তার হাত বাড়ানো উচিত,” বলেন প্রধানমন্ত্রীর মেয়ে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের আমন্ত্রণে ওয়াশিংটনে সংস্থাটির সদরদপ্তরে ২০১৫ সালের মধ্যে সবার জন্যে শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক এক বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রীদের সঙ্গে সায়মা ওয়াজেদ পুতুল অংশ নেন।

বৈঠক শেষে জাতিসংঘ দূত ব্রাউনের সঙ্গে কথা বলেন তিনি।

বৈঠকে বাংলাদেশ, কঙ্গো, ইথিওপিয়া, হাইতি, ভারত, নাইজেরিয়া, ইয়েমেন ও দক্ষিণ সুদানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়, বাংলাদেশসহ এই আটটি দেশে প্রায় ৬ কোটি ১০ লাখ শিশু রয়েছে যারা স্কুলে যায় না। এ সংখ্যা সারা বিশ্বে শিক্ষা বঞ্চিত শিশুর অর্ধেক।

বৈঠকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ তার বক্তব্য বলেন, দাতা সংস্থাগুলোর অনুদান আরো বাড়ানো হলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এবং বস্তির শিশুদের প্রাইমারি স্কুলে ভর্তির সমস্যা দূর করা সম্ভব হবে।

ব্রাউনের সঙ্গে বৈঠকে পুতুল বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক ও অভিভাবকদের সুষ্ঠু প্রশিক্ষণ দেয়া গেলে নিরক্ষতার হার কমিয়ে আনা সম্ভব হবে।

শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত শিশুদের সঙ্গে সবার স্বাভাবিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন এই মনোস্তত্ত্ববিদ।

মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানে এসব শিশুদের শিক্ষার ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি।

শুক্রবার কানাডার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেন পুতুল।