২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের দাবি মেনে নেয়ার আহ্বান

‘অনশনরত’ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার সন্ধ্যায় আমার দেশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ফরহাদ মজহার আরো বলেন, আমার দেশ পত্রিকার প্রচার বেড়ে যাওয়ায়, ঈর্ষান্বিত হয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। তার গ্রেপ্তারের পেছনেও গণমাধ্যমের কারো কারো সহযোগিতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, “সাত দিনের রিমান্ডে বর্বর নির্যাতন ও পাঁচ দিনের অনশনে মাহমুদুর রহমান ছয়টি জটিল রোগে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে যেকোন সময় দুর্ঘটনার শঙ্কা থাকে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহমুদুর রহমানকে অনশন ভাঙতে সাত বিশিষ্ট নাগরিক আহ্বান জানিয়েছেন। তারা হলেন, ব্যারিস্টার রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। 

কারাবন্দি মাহমুদুর রহমান ১৭ এপ্রিল থেকে অনশন করছেন বলে দাবি করেছেন তার আইনজীবী ও ঘনিষ্ঠরা।

মাহমুদুরের দাবি তিনটি হল- তার মা মাহমুদা বেগম ও সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দিয়ে পত্রিকা প্রকাশের সুযোগ করে দেয়া ও আমার দেশের ছাপাখানার ১৯ কর্মচারীকে মুক্তি দেয়া।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহমুদুরকে গত ১১ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনেও মামলা হয়।

এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয় পুলিশ। অসুস্থ হয়ে পড়লে তাকে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

বিচারক সহিদুল ইসলাম আমার দেশ সম্পাদককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে কারাবিধি অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা ও প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেয়ার নির্দেশ দেন।