চাঁদপুরে অপহরণের অভিযোগে এক নারী কারাগারে
চাঁদপুরের শাহরাস্তিতে সন্তানসহ এক গৃহবধূ অপহরণের অভিযোগে এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন শাহরাস্তি থানার ওসি মোজাম্মেল হক মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১১ এপ্রিল বিকেলে শাহরাস্তির সূয়াপাড়া গ্রামের প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী আঞ্জুমান আক্তার রুম্পা (২৩) তার সন্তান মেহেরাজকে (৪) নিয়ে ঠাকুরবাজারে মেলায় যাওয়ার পথে অপহরণ করা হয়।
এ ঘটনায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী সাদ্দাম হোসেন, তার বাবা মফিজুল ইসলাম ও মা কামরুন নাহার মণিকে অভিযুক্ত করে অপহৃত রুম্পার মা রৌশন আরা থানায় মামলা করেন। বুধবার রাতে উপজেলার বাদিয়া গ্রামে অভিযান চালিয়ে কামরুন নাহার মণিকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে জানান ওসি মোজাম্মেল।
মামলার বাদী রৌশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদ্দাম অজ্ঞাত স্থান থেকে তাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাদ্দাম প্রায়ই গৃহবধু রুম্পাকে উত্যক্ত করতো। এ নিয়ে তাকে শাসানো হলে সে রুম্পাকে অপহরণ করার হুমকি দেয়।
