২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাস উল্টে মা-ছেলে নিহত

ফেনীর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 07:30 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের খাইয়ারায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার খোকসাকান্দি গ্রামের মকবুল হোসেনের স্ত্রী জাহান আরা (২৮) ও তাদের ছেলে মোহাম্মদ ইয়াসিন (১২)।

আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মদ জানান, সাড়ে এগারোটা দিকে কুমিল্লার নবীনগর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের খাইয়ারায় পৌঁছলে পেছনের চাকা ফেটে যায়। এতে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। আহত হয়েছে অন্তত ৩০ জন।