গাইবান্ধায় গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
গাইবান্ধায় ঠিকাদারকে অগ্রিম বিল দেয়ার অভিযোগে গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রংপুর দুদকের উপ-পরিচালক মো. আব্দুল করিম গাইবান্ধা সদর থানায় মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন নির্বাহী প্রকৌশলী এ বি এম জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম, ঠিকাদার মমিনুল ইসলাম, ঠিকাদার সমিতির সভাপতি ওমর ফারুক রুবেল ও সাধারণ সম্পাদক সরোয়ার শাহিন।
সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাইবান্ধায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অধীনে একাডেমিক ভবন ও ডরমিটরি ভবন নির্মাণের টেন্ডার পায় ঠিকাদার মমিনুল ইসলাম।
২০১১ সালের ১৮ সেপ্টেম্বর কাজ বুঝিয়ে দেয়া হয় ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে। কাজ শুরু না করলেও ওই বছর ২৩ অক্টোবর ঠিকাদারকে পাঁচ কোটি ৬২ লাখ টাকা অগ্রিম বিল দেন জালাল উদ্দিন।
অথচ মূলচুক্তি অনুযায়ী ঠিকাদারকে অগ্রিম অর্থ দেয়ার কথা ছিল না।
প্রকৌশলী এ বি এম জালাল উদ্দিনকে প্রায় দেড় বছর আগে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান ওসি।
