লক্ষ্মীপুরে দু’দফা কালবৈশাখী, নিহত ১
লক্ষ্মীপুরে মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার সকালে দু’দফায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। সেইসঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।
ঝড়ের সময় মঙ্গলবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে রায়পুর উপজেলার পুর্বচরপাতা গ্রামের কৃষক আমির হোসেনের ছেলে জুয়েল হোসেন (২২) নিহত হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বজ্রপাতে একব্যক্তির নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া শিলাবৃষ্টিতে জেলায় তরমুজ, খিরা, শসা ও কুমড়াসহ বিভিন্ন শাক সব্জির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে বিভিন্ন স্থানে অনেক গাছপালা উপড়ে যায়। শহর ও গ্রামের অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শিলাবৃষ্টিতে জেলা সদরের চর মনসা, ভবানীগঞ্জ, চরউভুতি, চটকি সাঁকো, মহাদেবপুর, রামগতির আলেকজান্ডার, রায়পুরের চরপাতাসহ বিভিন্ন স্তানে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে।
