২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বোমা বিস্ফোরণ: আরো দুটি উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলায় বৈশাখী মেলায় বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আরো দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 09:56 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

এ ঘটনায় মঙ্গলবার রাতেই আত্রাই থানার এসআই কামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার ভোরে পুলিশ বিদ্যুৎ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বিদ্যুৎ হিন্দুলকান্দি গ্রামের গুর মোহাম্মদের ছেলে।

মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে মঙ্গলবার রাত পোনে ৯টার দিকে কনসার্ট চলাকালে মঞ্চের পাশে পর পর চারটি হাতবোমা বিস্ফোরিত হয়। এতে আট শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়।

আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের সহযোগিতায় পুলিশ মঞ্চে ঝুলে থাকা দুইটি অবিস্ফোরিত তাজা হাতবোমা উদ্ধার করেছে। পরে থানায় এনে ওগুলো পানিতে ডুবিয়ে রাখে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আত্রাই জাতপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সজল হোসেন (২২), পিন্টু হোসেনের ছেলে সিরাজুল ইসলাম সিরাজ (২০)ও জলসারা গ্রামের রমজান আলীর ছেলে রাজু আহমেদকে (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদুপুর গ্রামের আজাদ হোসেনের ছেলে এমদাদুল হক (২০) আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

রাতেই ঘটনাস্থন পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম ও পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান।

সাংসদ ইসরাফিল আলম বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করতে এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।