ফরিদপুরে জাটকা উদ্ধার, দুজন দণ্ডিত
ফরিদপুর শহরে এক ট্রাক জাটকা উদ্ধারের পর দুজনকে কারা ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে এক ট্রাক জাটকাসহ বিক্রেতা, ট্রাকচালক ও চালকের সহকারীকে আটক করে র্যাব।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়ন্তীরূপা রায় মাছ বিক্রেতা আমিনুল ইসলামকে (৪৫) এক বছর সশ্রম কারাদণ্ড এবং ট্রাকচালক সিরাজ ভূঁইয়াকে (৫২) পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
চালকের সহকারী রায়হানের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।
ম্যাজিস্ট্রেট জয়ন্তীরূপা রায় বলেন, মৎস্য সংরক্ষণ আইনের ৫(১) ধারায় তাদের সাজা দেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মেসবাহুল হক বলেন, বরিশাল শহরের আজাদ মৎস্য ভাণ্ডারের মালিক মাছ বিক্রেতা আমিনুল ইসলাম একটি ভাড়া করা ট্রাকে ৬০ মণ জাটকা ঢাকার কারওয়ানবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।
গোপন খবর পেয়ে র্যাব ট্রাকটি আটক করে।
