২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এসআইয়ের পিস্তল চুরি

গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদারের গুলিভর্তি পিস্তল মঙ্গলবার সকালে বাসা থেকে চুরি হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশ চিরুনী অভিযান চালাচ্ছে।  

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, সকাল সাড়ে ৮টার দিকে এস আই আপন কুমার শ্রীপুর পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিস এলাকার বাসায় ১৬ রাউন্ড গুলিভর্তি পিস্তলটি ওয়ার্ড্রোবে রেখে পারিবারিক কাজে বাইরে যান। এর কিছুক্ষণ পর তার স্ত্রীও বাসার দরজায় তালা লাগিয়ে শিশু সন্তানকে আনতে স্কুলে যান।

সকাল সাড়ে ১০টার দিকে সস্তানকে নিয়ে বাসায় ফিরে তার স্ত্রী দেখতে পান দরজার ও ওয়ার্ড্রোবের তালা ভাঙ্গা। কে বা কারা গুলিভর্তি পিস্তল, একটি ডিজিটাল ক্যামেরা, নগদ দুই হাজার টাকা এবং চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে গেছে।

শ্রীপুর মডেল থানার ওসি আমির হোসেন জানান, এ ব্যাপারে এসআই আপন বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন। অস্ত্র ও গুলি উদ্ধারে চিরুনী অভিযান চলছে । তবে পুলিশ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।