মন্ত্রীকে যুদ্ধাপরাধী বলায় অ্যানির বিরুদ্ধে পরোয়ানা
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে যুদ্ধাপরাধী বলায় বিএনপি নেতা সাংসদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফরিদপুরের একটি আদালত।
মন্ত্রীর সহোদর ও আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবরের করা মামলায় মঙ্গলবার ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ আল-মাসুদ এ আদেশ দেন।
তবে অন্য মামলায় হাজতে থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি বলে জানান ফরিদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।
বাদির আইনজীবী অ্যাডভোকেট জাহিদ বেপারী বলেন, গত ১৮ মার্চ একই আদালত বিএনপি ছাত্রবিষয়ক এই সম্পাদককে ১৬ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
কিন্তু অ্যানি আদালতে হাজির না হওয়ায় আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গত ১৮ মার্চ ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হেসেন বাবর ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে ১৬ এপ্রিলের মধ্যে অ্যানিকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ১১ ফেব্রুয়ারি ছাত্রদলের একটি সমাবেশে অ্যানি বক্তৃতায় প্র্রবাসীকল্যাণ মন্ত্রীকে চিহ্নিত যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে সরকারের কাছে তার (প্রবাসীকল্যাণ মন্ত্রী) গ্রেপ্তার দাবি জানান।
