২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-না.গঞ্জ রুটে নামছে ডিইএমইউ ট্রেন

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে নামছে অপেক্ষাকৃত দ্রুতগতির ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ডিইএমইউ ট্রেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 10:47 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার দুপুরে রেলভবনে এক অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের জানান, আগামী ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নতুন এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেলমন্ত্রী বলেন, “চীনে তৈরি এ অত্যাধুনিক ট্রেনগুলোর মধ্যে আটটি ইতিমধ্যে এসে পৌছেছে। বাকি ১২টি জুনে এসে পৌছাবে।”

প্রাথমিকভাবে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে এই ট্রেন চালু হলেও, শিগগিরই ঢাকা-জয়দেবপুর এবং ঢাকা- চট্রগ্রাম রেলপথে এই ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “ক্রমান্বয়ে সারাদেশে এ রেল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে রেলের দৃশ্যমান পরিবর্তন সাধিত হবে।”

রেল কর্মকর্তারা জানান, ডিইএমইউ ট্রেনের দুই দিকেই ইঞ্জিন রয়েছে। এজন্য  যেকোনো দিক থেকেই ট্রেনটি চালানো যাবে। ট্রেনের তিনটি বগিতে ১৫১টি আসন রয়েছে। এছাড়া দাঁড়ানো অবস্থায় আরও ১৪৯ জন যাতায়াত করতে পারবে।

ট্রেনগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। সাধারণত স্বল্প দুরত্বে এ ট্রেনটি চালানো হয়ে থাকে।

মন্ত্রী জানান, রেলের উন্নয়নে গত চার বছরে ১৮ হাজার ৩১০ কোটি টাকার ৩৮টি প্রকল্প নেয়া হয়েছে।