আ. লীগ নেতার রগ কেটেছে দুর্বৃত্তরা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হাতের আঙ্গুল ও পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা।
আশংকাজনক অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সখিপুর থানার এসআই সিদ্দিকুর রহমান বলেন, একটি মামলায় সাক্ষ্য দেয়া ও না দেয়া নিয়ে আমির হোসেন গাজীর সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে।
এর জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, বলেন তিনি।
চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিতু মিয়া বেপারী বলেন, সিঁদ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আমির হোসেনের ডান হাতের আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে দিয়েছে।
আহত আমির হোসেন গাজী বলেন, “কিছুদিন আগে থানায় একটি মামলা হয়েছে। সেই মামলার আমি সাক্ষী ছিলাম আমি।
“শাহজাহান ঢালীসহ এলাকার কিছু লোক আমাকে সাক্ষ্য দিতে নিষেধ করে। আমি তাদের কথা না শোনায় এ হামলা হয়,” বলেন তিনি।
