সস্তা সিগারেটের দাম বাড়ানোর দাবি
ধূমপান নিরুৎসাহিত করতে কম দামী সিগারেটের দাম বাড়ানোর দাবি জানিয়েছে একটি বেসরকারি সংগঠন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাহজাহান লিখিত বক্তব্যে বলেন, বাজারে যে সব সিগারেট পাওয়া যায় সেগুলোর ৬০ ভাগই সস্তা সিগারেট, যার প্রতিটির দাম মাত্র দেড় টাকা।
গত কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যের দাম কয়েক গুণ বাড়লেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই সব সস্তা সিগারেটের দাম অপরিবর্তিত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শাহজাহান বলেন, “সিগারেট কোম্পানিগুলো কম টাকায় সিগারেট ছেড়ে দেশের দরিদ্র জনগোষ্ঠীর নাগালে এনে তাদের ধূমপানে প্রলুব্ধ করছে। জাতীয় রাজস্ব বোর্ড যদি এই সকল সিগারেটের মূল্য ও কর তুলনামূলক কম নির্ধারণ না করত তাহলে সিগারেট কোম্পানিগুলো এত বিশাল বাজার দখল করতে পারতো না।”
সস্তা সিগারেটের মূল্য বৃদ্ধির মাধ্যমে সরকার অনেক বেশি পরিমাণে রাজস্ব আদায় করতে পারে বলে মনে করেন তিনি।
সব ধরনের কমদামী সিগারেটের ওপর কর বাড়িয়ে তার মূল্য বৃদ্ধির দাবি জানান মো. শাহজাহান।
সংবাদ সম্মেলনে ড. আয়েশা সিদ্দিকা মজুমদার বলেন, “সস্তা সিগারেটের দাম অপরিবর্তিত থাকায় গত পাঁচ বছরে দেশে প্রায় ৪০ লাখ ধূমপায়ীর সংখ্যা বেড়েছে।”
পৃথিবীর অন্যান্য দেশে সিগারেটের সর্বনিম্ন মুল্য অনেক বেশি হলেও আমাদের দেশে তা অনেক কম মন্তব্য করে তিনি বলেন, “আর এ কারণেই দরিদ্র জনগোষ্ঠী ধূমপানে উৎসাহিত হচ্ছে।”
ধূমপানে নিরুৎসাহিত করতে ধূমপায়ীদের জন্য লাইসেন্স প্রদান, প্রকাশ্যে ধূমপান রোধে কঠোর পদেক্ষপ গ্রহণ, যাত্রী ছাউনিগুলোতে পান ও সিগারেট বিক্রি বন্ধ করার প্রস্তাব করেন সিটিজেনস্ রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাংগঠনিক সম্পাদক ডা. উত্তম কুমার বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
