যুক্তরাষ্ট্রের পথে প্যারিসে মৃত্যু হল বিচারকের
যুক্তরাষ্ট্রে রওনা হয়ে প্যারিসে অবস্থানের সময় অসুস্থ হয়ে মারা গেছেন ঢাকার জজ মোজাম্মেল হোসেন।
ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক মোজাম্মেল গত শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে তার আদালতের পেশকার আরিফ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক মাসের ছুটিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে প্যারিসে অবস্থান করেছিলেন বিচারক মোজাম্মেল হোসেন। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
বিচারক মোজাম্মেলের আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার বিচার চলছে। এর মধ্যে রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, তারেক রহমান ও গিয়াস আল মামুনের বিরুদ্ধে অর্থপাচারের দুটি মামলা।
মোজাম্মেল হোসেনের লাশ বুধবার ঢাকা আসার পর আদালত প্রাঙ্গণে আনা হবে বলে জানিয়েছেন জুডিসিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা জজ আব্দুল মজিদ।
আদালত প্রাঙ্গণে বিচারকের প্রথম জানাজা হবে। এরপর লাশ দাফনের জন্য তার বাড়ি ফেনীর দাগনভূঁইয়ায় পাঠানো হবে।
বিচারক মোজাম্মেল হোসেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
