২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর হাত ‘বিচ্ছিন্নকারী’ সৎ বাবা গ্রেপ্তার

স্ত্রীর আগের ঘরের সন্তানের দুই হাত কনুই পর্যন্ত ‘বিচ্ছিন্নকারী’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

মো. জাহাঙ্গীর হোসেনকে (৪২) সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কড়াইল বস্তির বাসিন্দা জাহাঙ্গীর এক মাস আগে তার সৎ ছেলে রবিউল ইসলাম শান্ত (১০) এর হাত কেটে দেয় বলে অভিযোগ উঠেছে।

শান্তের মা নাসিমা আক্তারের অভিযোগ, ভিক্ষাবৃত্তিকে বাধ্য করার অংশ হিসেবে তার ছেলের হাত কেটে দেয় তার দ্বিতীয় স্বামী।

বনানী থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারওয়ান বাজারের একটি ভাসমান খাবার হোটেল থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হোটেল বয়ের কাজ করছিলেন।

জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীরকে হেফাজেতে পেতে আদালতে আবেদন করা হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমিনুল বাশার জানিয়েছেন।

কড়াইল বউ বাজার বস্তির (মাছ বাজার ওসমানের বাড়ীর ভাড়াটিয়া) নাসিমার প্রথম স্বামীর নাম কামাল হোসেন, তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

কামালের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রায় তিন বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে নাসিমার বিয়ে হয় এবং তাদের একটি মেয়েও হয়। তবে মেয়ে হওয়ার পর নাসিমার সঙ্গে আর থাকেন না জাহাঙ্গীর।

চার সন্তানকে নিয়ে নাসিমা ওই বস্তিতে থাকেন, তিনি গৃহপরিচারিকার কাজ করেন।

থানায় করা মামলায় নাসিমা অভিযোগ করেন, গত ১১ ফেব্রুয়ারি কাজ শেষে দুপুরে বাসায় ফিরে দেখেন তার ছোট ছেলে শান্ত বাসায় নেই। এর প্রায় এক মাস পর ২১ মার্চ পুলিশ দুই হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় শান্তকে নিয়ে তার বাসায় আসে।

শান্ত জানায়, গত ১১ ফেব্রুয়ারি তার সৎ বাবা জাহাঙ্গীর তাকে রেললাইনের ধারে নিয়ে আরো দুজনের সহায়তায় হাত দুটি কনুই পর্যন্ত কেটে দেয়।

এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে সব মহলে আলোচনার সৃষ্টি হয়। গোয়েন্দা পুলিশও এর তদন্ত শুরু করে।

শান্ত বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, শিশুটির হাতের ঘা প্রায় শুকিয়ে এসেছে।