২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অঘোষিত পরিবহন ধর্মঘট

পৌরসভার অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সোমবার দুপুরে হঠাৎ পরিবহন ধর্মঘট শুরু করেছে কক্সবাজার বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 10:31 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

এর আগে কোনো ঘোষণা দেয়া হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।

দুপুরের পর কক্সবাজার থেকে চট্টগ্রামসহ অন্যান্য এলাকায় যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ যাত্রীসহ পর্যটকরা ভোগান্তিতে পড়ে।

কক্সবাজার বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রফিকুল হুদা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার বাস টার্মিনালে পৌর কর্তৃপক্ষ বিনা নোটিশে সোমবার সকাল থেকে অতিরিক্ত টোল আদায় শুরু করেছে।

আগে প্রতিবাস ও মিনিবাস থেকে ২০-৩০ টাকা হারে টোল আদায় করা হলেও বর্তমানে প্রতিবাস ও মিনিবাস ৫০ টাকা, এসি বাস একশ’ টাকা করে আদায় করছে।

বিষয়টি পরিবহন মালিক-শ্রমিকদের আগে অবহিত করেনি তারা। এ টোল আদায়ের প্রতিবাদে তার বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে।

এ ব্যাপারে আলোচনা করা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ বলেন, দীর্ঘদিন ধরে নানা জটিলতার কারণে বাস টার্মিনালে টোল আদায় করা বন্ধ থাকলেও পৌর কর্তৃপক্ষ এবং সরকারি প্রজ্ঞাপন মতে টোল আদায় শুরু করা হয়েছে। নিয়োনুযায়ী প্রতি বাস ৫০ টাকা, এসি বাস একশ’ টাকা করে টোল আদায় করা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, সরকারি প্রজ্ঞাপনমতে কক্সবাজার পৌরসভা টোল আদায়ের বিষয়টি তিনি জানেন। তবে পরিবহন ধর্মঘটের বিষয়টি অবহিত নন।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী টোল আদায়ের ক্ষেত্রে আলোচনা করতে হয় না। তবে অন্য কোনো অনিয়ম থাকলে বিষয়টি আলোচনা করা যেতে পারে।