সাংগ্রাইং উৎসবে বুদ্ধমূর্তি স্নানানুষ্ঠান
পাহাড়ি বৌদ্ধদের সাংগ্রাইং পোয়ে উৎসবের অংশ হিসেবে বান্দরবানে রোববার বুদ্ধমূর্তি স্নানানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিকাল ৪টায় শংখ নদীর উজানিপাড়া ঘাটে এ অনুষ্ঠান হয়। এর আগে পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ ও ধর্মদেশনা দেয়া হয়।
এ সময় পুণ্যার্থীরা হাতে চন্দনের পানি নিয়ে অপেক্ষা করেন বুদ্ধ মূর্তিকে স্নান করানোর জন্য।
বৌদ্ধদের বিশ্বাস- বুদ্ধমূর্তির স্নানের মাধ্যমে সকল মানুষের রোগ-ব্যাধি মুক্ত হবে। বিরাজ করবে শান্তি ও সমৃদ্ধি।
স্নানানুষ্ঠানের পর প্রার্থনাসভায় সব ধরনের অপশক্তি নিস্ক্রিয় হওয়াসহ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় হওয়ার আশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, সাংসদ বীর বাহাদুরের স্ত্রী মেহ্লাপ্রুসহ শতশত পুণ্যার্থী।
