তত্ত্বাবধায়কের অন্য নাম হতে পারে: মাহবুব
তত্ত্বাবধায়ক নামে এলার্জি থাকলে সরকারি দলকে অন্য একটি নাম আবিষ্কারের পরামর্শ দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।
শনিবার বিকালে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, “তত্ত্বাবধায়ক নামটিতে যদি সরকারের এলার্জি থাকে, তাহলে তারা অন্য একটি নাম আবিষ্কার করুক। আমাদের তাতে কোনো আপত্তি থাকবে না।’
তবে সেই সরকারকে অবশ্যই নির্দলীয় ও নিরপেক্ষ হতে হবে বলে জানান তিনি।
সাবেক এই সেনা প্রধান বলেন, সরকারের কোনো কিছুর বিরুদ্ধচারণ বরদাস্ত করা হবে না ঘোষণা দিয়ে দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে।
গণতন্ত্র এখন সংকটাপন্ন। গণতন্ত্র স্বৈরতন্ত্রে পরিণত হযেছে বলে তিনি অভিযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজিনা ইসলাম, সহসভাপতি আনিসুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতারুজ্জামান জুয়েল প্রমুখ।
