২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ছয় বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে এক ‘চিহ্নিত’ দুর্বৃত্তের বিরুদ্ধে।  

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 10:35 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শনিবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খোঁড়া হিরুর (২৮) ঘরের মেঝে খুঁড়ে জলি বেগমের (৬) লাশ উদ্ধার করে পুলিশ।  

জলি ওই গ্রামের জহুরুল হকের মেয়ে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

পীরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির গলায় জুতার ফিতা পাঁচানো ছিল। এছাড়া ধর্ষণের আলামতও রয়েছে।

“ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে জুতার ফিতা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে খোঁড়া হিরু। পরে ঘরের মেঝেতে লাশ পুঁতে রেখে পালিয়ে যায় সে,” বলেন ওসি।

খোঁড়া হিরুর নামে পীরগঞ্জ ও মিঠাপুকুর থানায় ২৫টি সড়ক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। কয়েকবার কারাভোগও করেছে সে। ৩-৪ বছর আগে এলাকার লোকজন তাকে ধরে তার বাম পা কেটে দেয়। তখন থেকেই লোকজন তাকে খোঁড়া হিরু বলে ডাকে।  

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা খলিলুর রহমান বাদী হয়ে খোড়া হিরুকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন, বলেন ওসি। 

মিঠিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুসা আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়ে বাড়ি ফেরেনি জলি।

পরে এলাকার এক মহিলা তাদের জানায়, খোঁড়া হিরু তাকে নিয়ে গেছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।