দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে বাস চাপায় নিহত জয়দেবপুর থানার কনস্টেবলের নাম জাহাঙ্গীর হোসেন (৩৫)।
টাঙ্গাইল সদরের মতিউর রহমানের ছেলে জাহাঙ্গীর গত শুক্রবার সরকারি কাজে মোটর সাইকেল নিয়ে জয়দেবপুর থেকে টাঙ্গাইল যান।
ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় তিনি রং সাইড দিয়ে আসছিলেন।
সাহেববাজার এলাকায় বিপরীতমুখী জলিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস জাহাঙ্গীরকে চাপা দেয় বলে সদর থানার ওসি জানান।
এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর। লাশ রাখা হয়েছে গাজীপুর সদর হাসপাতাল মর্গে।
এদিকে পুলিশ লাইনে হৃদরোগে মারা গেছেন আরেক পুলিশ সদস্য।
তিনি হলেন- ময়মনসিংহের কোতোয়ালি থানার আবুল হোসেনের ছেলে আবুল হাসেম (২৮)।
ওসি কামরুজ্জামান জানান, গাজীপুর পুলিশ লাইনের ব্যারাকে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আবুল হাসেম বুকে ব্যথা অনুভব করলে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসেমের লাশ সকালে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
