ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসে যানজট
টানা হরতালের পর শুক্রবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হলেও মহাসড়কের ফেনীর মহিপাল অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলছে ধীর গতিতে।
ফেনী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবদুল কাদের জানান, হরতালের পর বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হলে সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। শুক্রবার ভোরে কুমিল্লার দাউদকান্দিতে কয়েকটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর থেকে ফেনী অংশে চাপ বেড়ে গেলে যানবাহন ধীরে গতিতে চলতে বাধ্য হয়।
মহাসড়কে যানচলাচল বেড়ে যাওয়ায় শহরের মধ্যে দিয়ে মহাসড়কের গাড়ী চলাচলে শহরেও যানজাটের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কে একই দৃশ্য দেখা যায়।
