২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রাখাইনদের বর্ষবরণ উৎসব

পরস্পরের গায়ে পানি ছিটিয়ে রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ বরণ করলো তাদের নববর্ষ ‘মাহা সাংগ্রং পোয়ে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শুক্রবার দুপুরে বন্দরনগরীর কাতালগঞ্জের নবপন্ডিত বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস এসোসিয়শন, চট্টগ্রাম শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাখাইনদের ঐতহ্যবাহী পোশাক থামি এবং লুঙ্গি পড়ে একে অপরের গায়ে পানি ছিটিয়ে দিয়ে (জলকেলি) নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকে কাতালগঞ্জ বৌদ্ধ বিহারে জড়ো হন রাখাইন সম্প্রদায়ের সদস্যরা।

আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে মহা সমারোহে উদযাপন করা হয় রাখাইন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রং পোয়ে।

চট্টগ্রামে অধ্যয়নরত তিন পার্বত্য জেলা ও কক্সবাজার জেলার রাখাইন সম্প্রদায় ছাড়াও মারমা, চাকমা সম্প্রদায়ের তরুণ-তরুণীসহ নানা বয়সের  লোকজন উপস্থিত ছিলেন।

দুপুর একটায় আলোচনা সভার পর সমবেতভাবে পঞ্চশীল গ্রহণ করেন আগতরা। এর পরই শুরু হয় তরুণ-তরুণীদের বহু কাংখিত জলকেলি উৎসব।

পানির পাত্র হাতে নিয়ে রাখাইন সংগীতের মূর্ছনায় তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠে।

নিজেদের সংস্কৃতি-ঐতিহ্য ধরে রাখতে এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস এসোসিয়েশন নগরীতে ২০১০ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে।