২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবারের অপেক্ষায় বেনাপোল

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে শনিবার ফের পণ্য খালাস ও সরবরাহ শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ , বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 01:11 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

পরদিন পহেলা বৈশাখের ছুটি থাকায় শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও এদিন পুরোদমে কাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

হরতালের কারণে টানা কয়েকদিন পণ্য সরবরাহ বন্ধ থাকায় সীমান্তের দুই পাশে বন্দরে যে পণ্যজট সৃষ্টি হয়েছে তা কমিয়ে আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ জানান।

তিনি বলেন, শনিবার সকাল থেকেই বন্দরে দ্রুত গতিতে মালামাল লোড-আনলোডসহ পণ্য খালাস চলবে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার জানান, হরতালের কারণে আমদানিকারকরা বন্দর থেকে পণ্য নিতে না পারায় বন্দরে পণ্যজট তৈরি হয়েছে। এজন্য বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দ্রুত পণ্য খালাসের নির্দেশ দেয়া হয়েছে।

দুই হাজার হ্যান্ডলিং শ্রমিক সকালে কাজে যোগ দেবে বলে জানান তিনি।

গত সোমবার হেফাজত  ইসলাম, মঙ্গল ও বুধবার ১৮ দলীয় জোট  এবং বৃহস্পতিবার ছাত্রশিবিরের হরতালের কারণে কার্যত রোববার বিকেল থেকে বন্দরে পণ্য খালাসের কাজ থেমে যায়।

এরপর শুক্রবার ভারতীয় কর্তৃপক্ষ বাণিজ্য বন্ধ রাখায় এদিনও বন্দরে কোনো কাজ হয়নি।

বন্দর এলাকা ঘুরে দেখা যায় সব  ফটকেই পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যান ও লরির দীর্ঘ সারি।  

একই অবস্থার সৃষ্টি হয়েছে ভারতের পেট্রাপোল বন্দরেও।

পেট্রাপোলের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বলেন, পণ্যজটের কারণে সীমান্তের ওপারে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

এদিকে, টানা পাঁচ দিনের অচলাবস্থায় দেশের প্রধান স্থলবন্দরে প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার আকবর হোসেন বলেন, কাজ না হওয়ায় বন্দরে প্রতিদিন গড়ে ১৭ কোটি ৭৮ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।