ট্রাকচালকের ডান হাত কেটে নিল সন্ত্রাসীরা
ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকায় এক ট্রাক চালকের কনুই থেকে ডান হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা।
শুক্রবার সকালে পুলিশ সোহরাব শেখকে (৪০)ওই এলাকার একটি মাঠ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত ট্রাক চালক ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের খলিলমন্ডলের হাট এলাকার সুলতান শেখের ছেলে।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শুক্রবার সকাল সাতটার দিকে এলাকার একটি মাঠ থেকে অচেতন অবস্থায় সোহরাবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ।
পুরিশের ধারণা বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে ওই ট্রাকচালকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। জ্ঞান ফিরলেও সোহরাব কিছুই বলছে না । তার বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।
আহত ট্রাকচালকের বড়ভাই ওহাব শেখ জানান, প্রায় ২০ বছর ধরে সোহরাব একই ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের শ্বশুরবাড়িতে বাস করছেন। সকালে পুলিশের কাছ
থেকে খবর পেয়ে তারা সোহরাবকে হাসপাতালে দেখতে যান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওহাব।
