২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিশ্ববিদ্যালয় ট্রেজারারের লাশ উদ্ধার

সিলেটে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শুক্রবার বাদ জুমা পুলিশ ড. মোহাম্মদ আব্দুল্লাহর  লাশ নগরীর শেখঘাটের ৫৬ নম্বর বাসা থেকে উদ্ধার করে।

তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আব্দুল্লাহ এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন। ২০১২ সালের এপ্রিলে তিনি নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার স্ত্রী-সন্তানরা জাপান প্রবাসী। আব্দুল্লাহ একাই শেখেরঘাটের বাসায় থাকতেন বলে জানান নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা আব্দুল হাই।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবাশ্বির আলী সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে সহকর্মীরা ক্যাম্পাসে গিয়ে আব্দুল্লাহকে ফোন করেন। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা তার বাসায় যান।

বাসায় গিয়ে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে ঘটনাটি অবহিত করে।

লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই মোবাশ্বির।

সিআইডির একটি টিমও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে।