বাংলা একাডেমীতে শুরু হচ্ছে ফোকলোর সম্মেলন
বাংলা একাডেমীতে আগামী শনিবার থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু হচ্ছে।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান শুক্রবার একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল এ সম্মেলন হবে। এখানে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের প্রখ্যাত ফোকলোরবিদ ও পণ্ডিতদের অংশ নেয়ার কথা রয়েছে।
সম্মেলনে ফোকলোর বিষয়ক আটটি সেমিনার হবে।
সম্মেলন উপলক্ষে বাংলা একাডেমী প্রাঙ্গণে ১০দিনের লোকজ মেলা আয়োজন করা হবে, যেখানে ২০০টির বেশি স্টল থাকবে।
বাংলা একাডেমীর মহাপরিচালক বলেন, বাংলাদেশের ফোকলোর ও সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবং দেশ-বিদেশে তা ছড়িয়ে দিতে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, দেশের সব জেলার ফোকলোর নিয়ে আগামী বছর জুনের মধ্যে একটি পুস্তিকা বের করা হবে। সেজন্য ইতিমধ্যে ৩৫টি জেলার ফোকলোরের পাণ্ডুলিপি লেখাও শেষ হয়েছে।
সংবাদ সম্মেলনে একাডেমীর সচিব আলতাফ হোসেন, পরিচালক শাহিদা খাতুন, উপপরিচালক মুর্শিদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
