জয়পুরহাটে হরতালে সংঘর্ষ, আহত ১০
শিবিরের ডাকা হরতাল চলাকালে জয়পুরহাটে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুই ঘণ্টাব্যাপী কয়েক দফার এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম সাংবাদিকদের জানান, সকাল দশটার দিকে পুরানাপৈল এলাকা হরতালকারীরা রেল লাইনের ক্ষতি করতে পারে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়।
তখন জামায়াত-শিবিরের পক্ষে সহস্রাধিক নারী-পুরুষ লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সেখানে এসে পুলিশের উপর ইট-পাটকেল ছুঁড়তে থাকে।
তখন পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ২৮ রাউন্ড গুলি ও ১৩ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এসপি।
তিনি আরো জানান, এর কিছু পরে দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে হামলা করে হরতালকারীরা। তবে পুলিশ থাকায় খুব বেশি ক্ষতি করতে পারেনি।
