২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলঢাকায় জামায়াত-শিবিরের সঙ্গে আ’লীগের সংঘর্ষ

নীলফামারীর জলঢাকা উপজেলায় জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার দুপুরে হরতাল চলাকালে জলঢাকার বঙ্গবন্ধুহাট এলাকায় এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

জলঢাকা থানার ওসি তাপস কুমার পন্ডিত সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুহাট এলাকায় মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনি ও তার ভাই রনির সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। পরে স্থানীয় বিএনপিকর্মীরাও সংঘর্ষে যোগ দেয়।

“এ সময় জামায়াত-শিবিরকর্মীরা তিনটি মোটরসাইকেল ভাংচুরসহ ১৫টি দোকানে লুটপাট চালায়। পুড়িয়ে দেয়া হয় একটি মোটরসাইকেল।”

গুরুতর আহতদের মধ্যে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন আলী(৫৫), তার দুই ছেলে আনারুল ইসলাম (৩৫) ও গিনিউজ্জামানকে (৩২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম (২৫), আব্দুল কুদ্দুস (২৫), আমজাদ হোসেন (৪৫), আবুল কালাম (২০) ও রোকনকে (২৭) আটক করেছে। তারা সবাই জামায়াত-শিবিরকর্মী।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি তাপস কুমার।