সিলেটে পুলিশের গাড়িতে হামলা, অবরোধের চেষ্টা
সিলেটে পুলিশের একটি গাড়িতে হরতাল সমর্থকদের হামলায় এক নারী কনস্টেবল আহত হয়েছেন।
পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার ১২টার দিকে লামা বাজারে ১০/১২ জন শিবিরকর্মী অতর্কিতে পুলিশের একটি জিপে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় গাড়িতে থাক দুই নারী কনস্টেবলের মধ্যে একজন আহত হন।তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে দক্ষিণ সুরমার চণ্ডিপুরে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করে শিবির। খবর পেয়ে পুলিশ ধাওয়া করে তাদের সরিয়ে দেয়।
সকাল পৌনে ৭টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় ঝটিকা মিছিল করে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে শিবিরকর্মীরা। এ সময় তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
পরে র্যাব সদস্যরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
সকাল সাড়ে ৬টার দিকে মীরের ময়দান এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় পিকেটাররা
এছাড়া নগরীর চৌহাট্টা এলাকায় ৪/৫টি হাতবোমাসহ দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান, হরতালের শুরুতে শিবিরকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে র্যাব-পুলিশ ধাওয়া করে তাদের তাড়িয়ে দেয়।
নগরবাসীর নিরাপত্তায় গুরুত্বপূর্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে। মাঠে রয়েছে বিজিবি ও র্যাব সদস্যরা।
সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারি যান চলছে না।
সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
