পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৮ শিবিরকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের বাদুরতলা জঙ্গিশাহ মাজার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বুধবার রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে নগরীর মুরাদপুরে ককটেল ফাটানোর সময় আবু সাঈদ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিবির কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।
ইসলামিক স্টাডিজের ছাত্র সাঈদকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে নগরীর মোহাম্মদপুর এলাকায় শিবিরের একটি মেসে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় পাঁচ জনকে।
পরে তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে শেষ রাতে অভিযান চালানো হয় জঙ্গিশাহ মাজার এলাকায়।
সহকারী কমিশনার রউফ জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়তে থাকে। এ সময় পুলিশ ‘আত্মরক্ষার জন্য’ গুলি চালালে দুজন আহত হয়।
পরে সেখান থেকে দুটি এলজি, তিনটি ককটেল ও চারটি চাপাতি উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
গুলিবিদ্ধ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তোদের নাম জানাতে পারেননি রউফ।
