শিবিরের হরতালের শুরুতেই গাড়িতে আগুন
সভাপতির মুক্তির দাবিতে সারা দেশে হরতালের শুরুতেই রাজধানীতে তিনটি গাড়িতে আগুন দিয়েছে ইসলামী ছাত্র শিবির কর্মীরা।
ফাইল ছবি
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি বাসে আগুন দেয় শিবিরকর্মীরা।
তবে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন বলে জানান কতোয়ালি থানার এসআই রাকিবুর হাসান।
তিনি জানান, শিবিরকর্মীরা গাড়িতে আগুন দেয়ার সময় মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং কয়েকটি গাড়িও ভাংচুর করে।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় একটি লেগুনায় আগুন হরতালকারীরা।
যাত্রাবাড়ীর এস আই এমরানুল ইসলাম জানান, মীর হাজিরবাগেও একটি বাসে আগুন দেয়ার চেষ্টা হয়। এ সময় এক শিবিরকর্মীসহ মোট ৬ জনকে আটক করে পুলিশ।
হরতালের শুরুতেই ভোর ৬টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডের পাশে একটি মসজিদের ছাদে পাওয়া যায় ছয়টি ককটেল।
লালবাগ থানার ওসি নুরুল মুস্তাকিন জানান, খবর পেয়ে পুলিশ সেখান থেকে হাতবোমাগুলো উদ্ধঅর করেছে।
এছাড়া মিরপুর প্রশিকা ভবনের সামনে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল থেকে দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে পল্লবীর থানার ওসি আব্দুল লতিফ জানান।
অন্যান্য হরতালের মতো বৃহস্পতিবারও সকাল থেকে রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। গণ পরিবহনের সংখ্যাও অন্য হরতালের তুলনায় বেশি।
গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
