২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হেফাজতকে ব্যবহার করেছে বিরোধী দল’

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিদেশি কূটনীতিকদের বলেছেন, বিরোধী দলগুলো গত শনিবার তথাকথিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামকে ব্যবহার করেছে এবং তারা সংগঠনটিকে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কাজে লাগাতে চেয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কূটনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 07:15 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

হেফাজতের কর্মকাণ্ড নিয়ে কূটনীতিকদের কাছে ব্যাখ্যা দিতে বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন মন্ত্রী, যাতে প্রায় একশ কূটনীতিক উপস্থিত ছিলেন।

দীপু মনি বলেন, সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার হেফাজতকে লংমার্চে জনসমাগম করতে দিয়েছে, কিন্তু সংবিধানের সঙ্গে অসঙ্গতি ও অন্যান্য কারণে সংঠনটির দাবিগুলো নাকচ করেছে।

‘নারীবিরোধী’ হেফাজতের কর্মকাণ্ডের ওপর সরকার তীক্ষ্ণ নজর রয়েছে বলেও কূটনীতিকদের জানান তিনি।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মহিলা বিষয়কমন্ত্রী শিরিন শারমিন চৌধুরীও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের কাছে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেন।

তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচন হবে বাংলাদেশের অগ্রগতির প্রশ্নে একটি ‘সঙ্কটময় সময়’, যা অতিক্রম করতে জাতির জন্য দুটি পথ খোলা রয়েছে।

“এর একটি হচ্ছে, জাতি হিসেবে ’৭১ সাল যে কাজটি শুরু করা হয়েছিল তার একটি পর্যায়ে আসা এবং ‘আমাদের মূল লক্ষ্য’ উন্নয়ন ও অগ্রগতির ধারাকে ত্বরান্বিত করা।”

“অন্যটি হচ্ছে, রাষ্ট্রের মৌলিক বিষয় নিয়ে সৃষ্ট বিতর্ককে আরো গভীর করা এবং জাতিকে একটা অরাজকতার দিকে ঠেলে দিয়ে নিকৃষ্ট রাজনীতির মেরুকরণ করা।”

“আমরা যদি দ্বিতীয় পথটি বেছে নেই তবে ইতিহাস আমাদেরকে কখনো ক্ষমা করবে না,” বলেন দীপু মনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ কোন পথ বেছে নেবে, তা তারাই ঠিক করবে।

সম্প্রতি চট্টগ্রামভিত্তিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিষয়ও কথা বলেন দীপু মনি।

ওই দাবিগুলো মধ্যে ব্লাসফেমি আইন প্রণয়ন ও প্রকাশ্য জনসমাগমে ও নারী-পুরুষের অবাধ বিচরণে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। 

অনুষ্ঠানে শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর ও ঘাতক- দালাল নির্মূল কমিটির সমাবেশে হেফাজতকর্মীদের হামলার ভিডিও চিত্র দেখানো হয়।

একইসঙ্গে সাম্প্রতিক সময়ে সারা দেশে জামায়াত-শিবির কর্মীদের সহিংসতার ভিডিও চিত্রও কূটনীতিকদেরকে দেখানো হয়।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতা ও ‘অস্থিতিশীল’ পরিস্থিতি একটি পরিষ্কার সতর্কবার্তা দিচ্ছে।

“তা হচ্ছে, আমাদের তরুণ সমাজসহ সমাজের একটি বিশেষ অংশ এধরনের ধর্মান্ধতা ও চরম পন্থায় জড়িয়ে পড়ছে এবং সরকারকে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দেয়া প্রয়োজন।”