২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের হরতালের আগে বোমাবাজি-আগুন

ইসলামী ছাত্রশিবিরের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ডেস্ক রিপোর্ট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দিনব্যাপী ওই হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনটি।

বিএনপির ডাকে দুদিন হরতালের পর সপ্তাহের শেষ দিনে হরতাল ডাকে শিবির।

হরতালের আগের দিন সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়ায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ও যানবাহনে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানো হয়।

চট্টগ্রাম: রাতে বন্দর নগরীতে দুটি বাসে আগুন দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া সন্ধ্যার পর থেকে নগরীর কয়েকটি এলাকায় হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউ মার্কেট মোড়ে একটি সিটি সার্ভিস বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

রাত সাড়ে ৯টার দিকে বহদ্দারহাটে আরেকটি বাসে আগুন দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবেশে ‍উঠে ওই বাসে আগুন লাগিয়ে চলে যায় কয়েক তরুণ।

চকবাজার ও গোলাপাহাড় মোড়ে হাতবোমাগুলোর বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ: রাতে জামায়াত-শিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে একটি পিকআপ ভ্যানে আগুন ও ৫টি যানবাহন ভাংচুর করেছে।

এসময় হাতবোমা বিস্ফোরণে পথচারী এক বৃদ্ধা আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঠানটুলী এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবিরকর্মীরা। এসময় একটি পিকআপ ভ্যানে আগুন ও দুটি যানবাহনে ভাংচুর চালায় তারা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, রাত ৮টার দিকে শহরের নবাব সলিমুল্লাহ সড়কে শিবিরকর্মীরা সিদ্ধিরগঞ্জমুখী মেঘলা ও দুরন্ত পরিবহনের দুটি গাড়ি ভাংচুর করে। এসময় তারা সড়কে ঝুট রেখে তাতে আগুন দেয়।

রাজশাহী: রাতে নগরীতে নয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, রাত ৮টার দিকে হরতালের সমর্থনে বের করা একটি মিছিল থেকে হেতেম খাঁ এলাকায় পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

একই সময় শালবাগান এলাকায়ও চারটি বোমার বিস্ফোরণ ঘটে।

শালবাগানে রাস্তায় কাঠ ফেলে অবরোধ করলেও পরে পুলিশ আসায় তারা পালিয়ে যায় বলে জানান ওসি।

বগুড়া: হরতালের আগের রাতে বগুড়ার রেল স্টেশনের পাশে পর পর আটটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে বলে বগুড়ার রেলের বোনারপাড়া থানার ওসি বিমল কুমার চাকি জানিয়েছেন।

ইতোপূর্বে হরতাল চলাকালে রেলস্টেশনে একাধিকবার হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন রেল কর্মকর্তারা।