২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক গণজাগরণ মঞ্চের

জামায়াত নিষিদ্ধসহ অন্যান্য দাবিতে আগামী ৯ এপ্রিল সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

পাশাপাশি হেফাজতে ইসলামের  হরতাল প্রত্যাখ্যান করে আগামী ৮ এপ্রিল সারাদেশে জাতীয় পতাকা মিছিলের কর্মসূচিও দেয়া হয়েছে।

গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষা তাদের ধর্মঘটের আওতামুক্ত থাকবে।

শনিবার সন্ধ্যায় শাহবাগে সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি জানান, হেফাজতে ইসলামের হরতাল প্রতিরোধে সেদিন পর্যন্ত শাহবাগে দিনরাত ২৪ ঘণ্টা অবস্থান করবে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

ধর্মঘটের পরদিন ১০ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আইন মন্ত্রণালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ। 

একই সময় দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টা গণঅবস্থানের আহ্বান জানান ইমরান।

এরপর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৪টায় মহাসমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।

হরতাল প্রতিরোধের ডাক দিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “কীটপতঙ্গতুল্য হেফাজতিরা ৮ এপ্রিল হরতাল ডেকেছে। আমরা এই হরতাল প্রতিহত করব। যে জাতীয় পতাকাকে তারা অপমান করেছে, সেই জাতীয় পতাকা নিয়েই আমরা তাদের প্রতিরোধ করব।”

দেশবাসীর প্রতি হরতাল প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা জাতীয় পতাকা নিয়ে হরতালবিরোধী মিছিল নিয়ে যার যার এলাকার শহীদ মিনারে যাবেন। আপনাদের যাদের সামর্থ্য আছে তারা  ঘরে জাতীয় পতাকা রাখবেন।

“ওইদিন যথাযথ সম্মানের সঙ্গে সংবিধান সম্মতভাবে পতাকা উড়াবেন, আবার সন্ধ্যার আগে যথাযথ সম্মানের সঙ্গে নামিয়ে ফেলবেন।”

জাগরণ মঞ্চের আন্দোলনকারীদের সামনে আরো কঠিন বাধা আসবে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে সেসব বাধা উপেক্ষা করে আন্দোলনকে সংহত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।