২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

দিনাজপুরে নির্মাণাধীন একটি ফিলিং স্টেশন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 12:11 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার দুপুরে শহরের অদূরে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের পাঁচবাড়ী এলাকায় নির্মাণাধীন ‘রংধনু ফিলিং স্টেশন’ এর ছাদ ঢালাইয়ের সময় সেটি ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো অন্তত ৬ শ্রমিক আহত হন।

নিহতরা হলেন- নির্মাণ শ্রমিক নির্মল চন্দ্র রায় (৩০) ও সুধাংশু রায় (৪০)।

ফিলিং স্টেশনের মালিক জাহাঙ্গীর হক লাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাদ ঢালাইয়ে প্রায় অর্ধশত শ্রমিক কাজ করছিল। দুপুর সাড়ে ১২টায় হঠাৎছাদ ধসে পড়ে।

এ সময় ধ্বংসস্তুপে চাপা পড়ে ৮ শ্রমিক। আশপাশের লোকজন ছুটে এসে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে দিনাজপুর থেকে দমকল বাহিনীর একটি ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করে।

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনী ধ্বংসস্তুপ থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে।

এছাড়া আহত আরো ৬ শ্রমিককে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালিক পক্ষ আহতদের চিকিৎসার খরচ বহন করছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করায় কোন মামলা হয়নি বলে জানান ওসি।