ওয়াসা মোড়ে জড়ো হচ্ছে হেফাজত কর্মীরা
লংমার্চ করে ঢাকার পথে রওনা হওয়ার জন্য ব্লগারদের বিরুদ্ধে স্লোগান লেখা পট্টি মাথায় বেঁধে, গজারি লাঠি হাতে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে জড়ো হচ্ছেন হেফাজতে ইসলামীর কর্মীরা।
জুমার নামাজের পর এই লংমার্চ শুরুর কথা থাকলেও বৃহস্পতিবার রাত থেকেই হেফাজত কর্মীরা রওনা হয়েছেন কেউ কেউ। তবে শুক্রবার সকাল পর্যন্ত লংমার্চের জন্য পর্যাপ্ত সংখ্যক বাস পাওয়া যায়নি বলে হেফাজত নেতারা জানিয়েছেন।
তবে তারা বলছেন, গাড়ি না পেলে হেঁটেই তারা ঢাকার পথে রওনা হবেন।
চট্টগ্রাম থেকে লংমার্চ করে ঢাকায় এসে শনিবার মতিঝিলে সমাবেশ করার কথা রয়েছে হেফাজত কর্মদের। ১২টি শর্তে তাদের এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।
কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ছয় দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে চট্টগ্রামভিত্তিক হেফাজত, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।
হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।
আর যাদের বিরুদ্ধে হেফাজতের এই কর্মসূচি, সেই ব্লগারদের মাধ্যমে শুরু হওয়া গণজাগরণ মঞ্চ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শেষে আন্দোলন চালিয়ে আসছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
হেফাজতের পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা দেয়া হয়েছে, শনিবারের হরতাল প্রত্যাহার করা না হওয়ায় রোববার থেকে লাগাতার ধর্মঘট করবে তারা।
চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বনমন্ত্রী হাছান মাহমুদ ও নৌ মন্ত্রী শাজাহান খানের ‘নির্দেশে’ পরিবহন মালিকরা লংমার্চের জন্য হেফজতকে বাস দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
মাইনুদ্দীন রুহী বলেন, “সীতাকুণ্ড, মিরসরাই, ফেনী, কুমিল্লা ও সোনারগাঁওসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা আমাদের লোকদের ঢাকা যেতে বাধা দিচ্ছে বলে আমরা খবর পেয়েছি।”
পর্যপ্ত বাস না পেলে জুমার পর হেঁটেই লংমার্চ শুরু হবে বলে উল্লেখ করেন এই হেফাজত নেতা।
বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করে চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, “বাধা দেয়ার প্রশ্নই আসে না। কোথাও কোনো গোলোযোগের খবরও আমরা পাইনি।”
জেলা পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম বলছেন, কারো চাপে নয়, আতঙ্কের কারণে তারা গাড়ি বের করছেন না।
“দেখেন, হরতালে এমনিতেই গাড়ি বন্ধ থাকে। আজ সন্ধ্যা থেকে হরতাল ডাকা হয়েছে। এই অবস্থায় গাড়ি বের করা খুবই ঝুঁকিপূর্ণ। এ কারণেই আমরা তাদের বাস দিতে পারিনি। এটা কোনো দল বা কারো চাপের কারণে নয়।”
