চট্টগ্রামে অধ্যাপক জামাল নজরুল স্মরণসভা
প্রয়াত অধ্যাপক জামাল নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার বিকালে নগরীর মুসলিম হলে এক স্মরণসভার আয়োজন করা হয়।
গত ১৫ মার্চ রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান ঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস জামাল নজরুলের। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সভার শুরুতে প্রয়াত এই পদার্থবিজ্ঞানী-জোতির্বিদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং নানা শ্রেণী- পেশার মানুষ।
অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে সভায় অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ব বরেণ্য এই বিজ্ঞানী মহাবিশ্ব, পৃথিবী, মানুষ, সমাজ সমগ্র বিষয়কে বিজ্ঞানী ও দার্শনিক হিসেবে বুঝেছেন। তার এ বোঝার বিষয়টি তাকে পূর্ণতার পরিচয় দিয়েছে।
স্মরণসভা কমিটির কো-চেয়ারম্যান কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, অধ্যাপক জামাল নজরুল ছিলেন একজন মৌলিক গবেষক।
জামাল নজরুলের স্ত্রী সুরাইয়া ইসলাম প্রয়াত স্বামী সম্পর্কে বলেন, তার মধ্যে যে তিনটি বিষয় ছিলো তা হল- সত্য, সততা ও সরলতা। কোনো জটিলতা ছিল না তার মধ্যে।
এছাড়া স্মরণসভায় শহীদ জায়া বেগম মুশতারী শফী, জামাল নজরুল ইসলামের জ্যেষ্ঠ মেয়ে সাদাফ সিদ্দিকী, একে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন কাশেম খান প্রমুখ বক্তব্য রাখেন।
অধ্যাপক জামাল নজরুলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উদীচী, খেলাঘর, প্রমা আবৃত্তি সংগঠন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রীসহ আরো কয়েকটি সংগঠন।
