২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভিসি অবরুদ্ধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা শুরুর দাবিতে উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শনিবার পাঁচ দফা দাবিতে ভিসির কাছে স্মারকলিপি দিতে উপাচার্যের কাছে গিয়ে তারা প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে, বন্ধ থাকা ক্লাস ও পরীক্ষা চালু, ৫ মাস মেয়াদের সেমিস্টার প্রচলন, গ্রীষ্মকালীন ছুটি বাতিল, শুক্র-শনিবার ক্লাস চালু রাখা ও সেমিস্টার ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখে। এতে অবরুদ্ধ হয়ে পড়েন ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রারসহ কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে শিক্ষকদের পদোন্নতির নীতিমালা প্রণয়ন, দুই বছরের মধ্যে চাকরি স্থায়ীকরণ, ক্লাসরুমের সংখ্যা বৃদ্ধি, ফোন ও ইন্টারনেট সুবিধা প্রদান, লাইব্রেরির আকার বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে গত ২৭ মার্চ থেকে ধর্মঘট ডেকে কর্মবিরতি পালন করছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আহসান উল্লাহ বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে তারা নিয়মিত পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত থাকবে বলে জানান তিনি।