২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বাঁচাতেই হেফাজতের লংমার্চ: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই হেফাজতে ইসলাম লংমার্চ কর্মসূচি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, “লংমার্চ দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। আমাদের দেশে একটি সন্ত্রাসী গোষ্ঠী আছে যার নাম হলো জামায়াত-শিবির। এরাই হেফাজতকে মদত দিচ্ছে। এ ধরনের আনন্দোলন সরকার কখনো বরদাশত করবে না।”

অর্থমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে  মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর বালাসুরের জমিদার যদুনাথ রায়ের বাড়ি এবং সেখানে নবনির্মিত যাদুঘর পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

হেফাজতে ইসলামকে ‘ডেনজারাস’ আখ্যায়িত করে মুহিত বলেন, “বাংলাদেশে ইসলাম ধর্মকে বিপন্ন করা যাবে না। ১৩-১৪শ’ বছর  ধরে ইসলাম আছে, ভালই আছে।”

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তিসহ ছয় দফা দাবিতে শুক্রবার জুমার পর চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে লংমার্চ শুরুর ঘোষণা দিয়েছে হেফাজত।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা সিভিল সার্জন বনদ্বীপ লাল দাস ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

পরে বিকালে অর্থমন্ত্রী মুন্সীগঞ্জ সদর উপজেলার রঘুরামপুরে বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।