হেফাজতে ইসলামকে হুঁশিয়ারি মহিউদ্দিন চৌধুরীর
লংমার্চের নামে ধংসাত্মক কোনো চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে হেফাজতে ইসলামকে হুঁশিয়ার করে দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে নগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি প্রত্যাহার করারও আহ্বান জানান
মহিউদ্দিন বলেন, হেফাজত ঘোষিত লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ হলে তাতে বাধা নয়, কিন্তু লংমার্চের নামে শহর ধংসের চেষ্টা প্রতিহত করা হবে।
“আমরা সংঘাত চাই না। তবে, তা প্রতিহত করার সাহস ও যোগ্যতা আমাদের আছে। স্বাধীন দেশে সংঘাতের পথ বেছে নেবেন না। এর পরিণতিও ভাল হবে না।”
ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরামসহ ২৫টি সংগঠনের ডাকা শুক্রবার বিকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত হরতালে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেয়া না হলেও তাদের কর্মসূচিতে সহযোগিতা রয়েছে বলে জানান সাবেক মেয়র মহিউদ্দিন।
তবে সংবাদ সম্মেলনে জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল সর্বদলীয় সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে হরতালে সমর্থনের ঘোষণা দেন।
মহিউদ্দিন বলেন, হেফাজতে ইসলাম নিজেদের রাজনৈতিক দল হিসেবে পরিচয় না দিয়ে বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে। তারা নানাভাবে হুংকার ছাড়ছে। এতে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তাদের এ কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষকে সাহস যোগাতেই এ সংবাদ সম্মেলন করা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগ নেতা বলেন, “হেফাজতের নামে কেউ বিদেশ থেকে টাকা এনে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চান। প্রাথমিকভাবে তাদের অবহিত করেছি শান্তিপূর্ণ কর্মসূচি দিতে। তা না করে তারা হুংকার দিচ্ছেন।”
এক প্রশ্নের জবাবে এই আওয়ামী লীগ নেতা বলেন, “শুরু থেকেই আমরা ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের সঙ্গে ছিলাম। অতীতেও তাদের সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করে যাব।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন।
তিনি বলেন, “হেফাজতে ইসলামের নামের ব্যানারে আন্দোলনকারীদের অনেকেই আফগানিস্তান ও পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মুফতি ইজাহার ও মুফতি হান্নানসহ অনেকে একাধিকবার আফগানিস্তানে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিয়েছেন এবং দেশের অনেক দরিদ্র অসহায় মাদ্রাসা ছাত্রকে তাদের সঙ্গে নিয়েছিলেন।”
বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় এদের হাত ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে বলা হয়, “হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন কিছুদিন ধরে সারাদেশে ইসলাম ও রাসুলুল্লাহ (সা.) এর বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে আন্দোলনের নামে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
“সরকার তাদের অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বারবার ঘোষণা দিচ্ছে। ইতিমধ্যে অভিযুক্ত অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং সংশ্লিষ্ট অনেককে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।”
হেফাজতের কর্মসূচিতে জামায়াত-শিবির সমর্থন দিয়েছে দাবি করে খোরশেদ বলেন, “এতে মনে হয় হেফাজতে ইসলাম ‘মহানবী বা ইসলামের শান-মান রক্ষা’র কথা বললেও আসলে দেশে যুদ্ধাপরাধীদের বিচার বানচালকারীদের সন্ত্রাস ও নৈরাজ্যকে সহযোগিতা করার অপচেষ্টা চালাচ্ছে।’
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সরকারের এত পদক্ষেপের পরও যদি তারা (হেফাজত) নৈরাজ্যমূলক কর্মসূচি থেকে সরে না আসে এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের দাবার ঘুঁটি হিসেবে দেশে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করলে বঙ্গবন্ধুর কর্মীরা ঘরে বসে না থেকে যে কোনো মূল্যে নৈরাজ্য সৃষ্টির অপতৎরতা প্রতিহত করবে।”
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সহ-সভাপতি সুনীল সরকার, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও জহরলাল হাজারী।
