২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উপর হামলা: শিবিরের ২৫ নেতাকর্মী জেল-হাজতে

রাজশাহীতে পুলিশের এসআই জাহাঙ্গীর আলমের উপর হামলার ঘটনায় ২৫ শিবির কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 12:07 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

এ নিয়ে এ মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হলো।

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার এসআই সেলিম রেজা বলেন, ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার দুপুরে ২৫ শিবির কর্মীকে মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করা হয়। বিচারক আগামী ৯ এপ্রিল রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে তাদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসআই সেলিম বলেন, মঙ্গলবার গভীর রাতে নগরীর সপুরা এলাকায় পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে একটি মেস ও দুটি বাড়ি থেকে এই ২৫ শিবির কর্মীকে গ্রেপ্তার করে।

এদিকে, নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, শিবির নিয়ন্ত্রিত মেস থেকে বোমা, বোমা তৈরীর বিস্ফোরক, দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিস্ফোরক ও অস্ত্র আইনে এসআই এসএম জাহাঙ্গীরের দায়ের করা মামলায় ২০ শিবির নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ১৪ শিবির নেতাকর্মীকে।

মঙ্গলবার গভীর রাতে সপুরা এলাকার ওই মেস থেকে ৫টি বোমা, বোমা তৈরীর বিস্ফোরক দ্রব্য ও ১৯টি চায়নিজ কুড়াল এবং দলীয় কাগজপত্রসহ ১৪ শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।