২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজের ‘ট্যাক্স ফাঁকি ও শিশু শ্রম’ নিয়ে রুল

আকিজ বিড়ির ট্যাক্স ফাঁকি এবং প্রতিষ্ঠানটিতে শিশু শ্রমিক নিয়োগ দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 09:09 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে হাই কোর্টের বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এই রুল জারি করে।

প্যাকেটে ভুয়া ও ব্যবহৃত ব্যান্ড রোল বা ট্যাক্স লেবেল লাগিয়ে আকিজ বিড়ি কোম্পানির ট্যাক্স ফাঁকি, এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ‘ক্ষতিকর প্রভাব’ ডেকে আনা এবং রংপুরের মিঠাপুকুরে আকিজ বিড়ির কারখানায় সহস্রাধিক শিশু শ্রমিক নিয়োগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে এই রুলে।

অর্থ সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, রংপুরের ডিসি, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক, এনবিআরের ট্যাক্সেস অডিট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের সদস্য, এনবিআরের ভ্যাট অডিট অ্যান্ড ইন্টেলিজেন্সের সদস্য, রংপুরের কাস্টমস ইক্সাইজ ও ভ্যাট কমিশনার, আকিজ বিড়ি ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, আকিজ বিড়ি কারখানার ম্যানেজারকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের চার আইনজীবী জাইদী হাসান খান, জ্যোতির্ময় বড়ুয়া, নওরোজ এম আর চৌধুরী, মো. নুর উস সাদিক গত বুধবার এই রিট আবেদন করেন।

ইংরেজি দৈনিক ডেইলি সানসহ কয়েকটি গণমাধ্যমের সংবাদ যুক্ত করে এই আবেদন করা হয়।

ওই প্রতিবেদন বলা হয়, আকিজ বিড়ি ফ্যাক্টরি কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে।

রিট আবেদনে বলা হয়, “গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশিত হলেও আকিজ কর্তৃপক্ষ কোনো প্রতিবাদ জানায়নি। যা প্রমাণ করে, প্রতিবেদনটি সত্য। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রয়োজন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বিএম ইলিয়াস কচি। রাষ্ট্রপক্ষে ছিলেন বিশ্বজিত রায়।