অর্থ সাহায্য পেল নিহত ৮ পুলিশের পরিবার
জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত আট পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে দশ লাখ টাকা করে অর্থ সাহায্য দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন শেখ হাসিনা।
গত ২৮ ফেব্রুয়ারি, ৩ ও ১০ মার্চ জামায়াত-শিবিরের হামলায় নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ দেয়া হয়।
নিহত পুলিশ সদস্যদের সন্তানদের যোগ্যতা সাপেক্ষে পুলিশ বিভাগে চাকরি দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সহিংসতায় আহতদের উন্নত চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন শেখ হাসিনা।
২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সহিংসতায় আট পুলিশ সদস্য নিহত হয়। আহত হয় আরো অনেক পুলিশ সদস্য।
গাইবান্ধার সুন্দরগঞ্জে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় বাবুল মিয়া মারা যান। বাবুল মিয়ার পরিবারের সদস্যদের দশ লাখ টাকা দেওয়ার পাশাপাশি তার বড় ছেলে জাহিদ হোসেনকে যোগ্যতা সাপেক্ষে পুলিশ বিভাগে কন্সটেবল পদে চাকরি দেওয়া হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় আরো মারা যান তোফাজ্জল হোসেন। তার কন্যা তাজমিন আক্তারকেও যোগ্যতা সাপেক্ষে পুলিশ বিভাগে চাকরি দেওয়া হবে।
রংপুরের পীরগাছায় জামাত-শিবিরের নৃশংস হামলায় নিহত মোজাহার আলীর মেয়ে মিনাকেও পুলিশ বিভাগে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে।
খুলনার কয়রায় নিহত মফিজুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও তার কনিষ্ঠ পুত্র শরিফ উদ্দিন সাগরকে পুলিশে চাকরি দেওয়া হবে।
এছাড়া, গাইবান্ধার সুন্দরগঞ্জে নিহত হযরত আলী ও খাজা নাজিম উদ্দিন আকন্দ, চট্টগ্রামের লোহাগাড়ায় আবু তারেক এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডে নিহত জি এম ওমর ফারুকের পরিবারের সদস্যদের হাতে দশ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে কাছে পেশে কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী এসময় তাদের সান্তনা দেন।
তারাও অর্থ সহায়তা ও আহতদের খোঁজ-খবর নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
