২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলসচিব ওএসডি

সারা দেশে রেললাইন ধরে নাশকতার মধ্যে রেলপথ সচিব মোহাম্মদ মাহবুব উর রহমানকে প্রত্যাহার করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 08:41 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার এক আদেশে বলা হয়,  মাহবুব উর রহমানকে রেল মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে।

সম্প্রতি বিরোধী দলীয় জোটের কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে রেলে বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটে।

বুধবার ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা বগুড়ায় দেড় কিলোমিটারজুড়ে রেললাইনের প্যাডেল ক্লিপ তুলে ফেলে। তার দুদিন আগে বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের সকালে কুমিল্লায় রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে ২০ জন আহত হন।

গত ১৯ মার্চ হরতালের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় বেইস প্লেট খুলে রেল লাইন উপড়ে ফেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেসের ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয়। আর গত ১ মার্চ ফেনীতে রেল নাইন উপড়ে ফেলায় মহানগর গোধূলী লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে ১১ ঘণ্টা।

এছাড়া গত এক মাসে রাজশাহী, গাজীপুর ও ঢাকার কমলাপুরে ট্রেনে আগুন দেয়া হয়, বগুড়ায় পুড়িয়ে দেয়া হয় রেল স্টেশন। পুলিশ বলছে, যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারী জামায়াত-শিবির এবং তাদের শরিকরাই এসব ঘটনার পেছনে জড়িত।

নাশকতার খবর জানাতে ফোন নম্বর

রেলওয়েকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতার তথ্য পাওয়া গেলে তা জানাতে অনুরোধ করেছে রেল কর্তৃপক্ষ।

এ জন্য কিছু ফোন নম্বরও দেয়া হয়েছে রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

নম্বরগুলো হলো- ০১৭১১৬৯১৫২০, ০১৭১১৬৯১৫৬৪, ০১৭১১৬৯১৬৩৫, ০১৭১১৬৯১৬২১, ০১৭১১৬৯১৫৯৪, ০১৭১১৫০৬১৪০, ০১৭১১৫০৬১৫০, ০১৭১১৫০৬১৪৯।